পটুয়াখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
পটুয়াখালীর কলাপাড়ায় এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মনিরুল ইসলাম তালুকদার (৫০) উপজেলার চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য।
কলাপাড়া থানার ওসি মো.আজিজুর রহমান জানান, রোববার বিকাল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষ তার উপর হামলা চালায়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা মনিরকে উদ্ধার করে পার্শ্ববর্তী আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
তদন্ত করে হত্যার কারণ ও হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি আজিজুর।
চাকামইয়া ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির কেরামত বলেন, গামুরবুনিয়া গ্রামের বাড়ি থেকে কলাপাড়া উপজেলা শহরে যাচ্ছিলেন মনিরুল। পথে গামুরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে একদল সশস্ত্র সন্ত্রাসী মনিরুলকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।
জেলা বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান মনির নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।
