২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদ্রাসা ছাত্র নিহত

যশোর, কুমিল্লার পর রাজধানীতেও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 11:49 AM

Updated : 25 Apr 2022, 12:59 PM

নিহত জসিমউদ্দিন মুন্সী (২৫) মিরপুরের কাজীপাড়া ফাজিল মাদ্রাসার ছাত্র ছিলেন।হরতাল-অবরোধে বাসে পেট্রোল বোমা নিক্ষেপে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, আগারগাঁওয়ের ষাটফুট রাস্তা এলাকায় রোববার ভোর ৪টার দিকে সন্ত্রাসীদের সঙ্গে ‘গোলাগুলির সময়’ জসিম গুলিবিদ্ধ হয়ে মারা যান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জসিমকে আগারগাঁও থেকে আটক করা হয়েছিল।

“ভোরে তাকে নিয়ে তার অন্য সহযোগীদের ধরতে ষাটফুট রাস্তা এলাকায় গেলে তারা পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন জসিম।”

স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ কর্মকর্তা মাসুদ  জানান।

দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে জসিমের লাশ সনাক্ত করেন তার ছোট ভাই আনিসুর রহমান মুন্সী।

বরিশাল সদর উপজেলার আব্দুর রাজ্জাকের তিন ছেলে ও চার মেয়ের মধ্যে জসিম ছিলেন ষষ্ঠ।

তিনি মাদ্রাসায় পড়লেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি না তা জানাতে পারেননি তার ছোট ভাই।

আনিসুর জানান, মিরপুরের মণিপুরের একটি মেসে থাকতেন জসিম।

“গত পরশু গাবতলীতে বোন হাফিজা বেগমের বাসায় গিয়েছিলেন উনি। গতকাল সেখান থেকে আসার পর আগারগাঁওয়ে পুলিশের হাতে আটক হন বলে আমরা জানতে পেরেছিলাম,” বলেন তিনি।

এর আগে শনিবার রাত দেড়টার দিকে যশোরে র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ রাজু ওরফে ভাইপো রাজু এবং কুমিল্লায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘গোলাগুলিতে’ কালা স্বপন (৩৭) নিহত হন।

তাদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। তবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেছেন।