২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই গাড়িতে আগুন

বিএনপি জোটের অবরোধের মধ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি পণ্যবাহী কভার্ডভ্যান ও একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 10:13 AM

Updated : 12 Oct 2022, 03:16 PM

রোববার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার আশকোনা মোড় এলাকায় এবং আগের রাতে তেলিহাটি ইউনিয়নের রঙ্গিলা বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়িতে দুটিতে আগুন দেওয়া হয়।

আগুনে ট্রাকটির ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে গেছে এবং কভার্ড ভ্যান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন জানিয়েছেন।

তবে দুই ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন তিনি। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা তাশাররফ বলেন, ভোরের দিকে আশকোনা মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পণ্যবাহী কভার্ড ভ্যানের চাকায় পেট্রোল ঢেলে আগুন দেয় হরতালকারীরা।

ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। ভ্যানটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ‘প্যারাডাইস ক্যাবল কারখানার’ সামনে দাঁড় করিয়ে রাখা ট্রাকে আগুন দেওয়া হয়।

ট্রাকের সামনের কাঁচ ভাংচুরের পর অবরোধ সমর্থকরা তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা তাশাররফ জানান।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। ততোক্ষণে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়।