২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

যশোর ও কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন, যারা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে কর্মকর্তারা বলছেন।

কুমিল্লা প্রতিনিধি

যশোর ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2015, 09:02 AM

Updated : 22 Aug 2022, 11:40 AM

শনিবার রাতে যশোরে র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ রাজু ওরফে ভাইপো রাজু এবং কুমিল্লায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘গোলাগুলিতে’ কালা স্বপন (৩৭) নিহত হন।

তাদের দুজনের বিরুদ্ধেই হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ ও র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পাল জানান,  রাত দেড়টার দিকে সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ স্বপন নিহত হন।

উপজেলার উত্তর রামপুর গ্রামের কালামিয়ার ছেলে স্বপনের বিরুদ্ধে যুগলীগ নেতা মোস্তাক হত্যাসহ কয়েকটি হত্যা মামলা এবং অন্যান্য অভিযোগে মোট ২৮টি মামলা রয়েছে।

ওসি প্রশান্ত বলেন, শনিবার সকালে সদর কোর্টবাড়ি এলাকা থেকে স্বপনকে গ্রেপ্তার করা হয়। রাত দেড়টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বেরোলে ভাটপাড়া এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে স্বপনের সহযোগীরা।

“এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের গোলাগুলিতে স্বপন গুলিবিদ্ধ হয়ে মারা যান।”

তার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

এদিকে র‌্যাবের যশোর ক্যাম্পের অধিনায়ক মেজন আশরাফ উদ্দিন জানান, শনিবার রাতে একাধিক হত্যা, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামি রাজুকে আটকের পর ভোররাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় র‌্যাব সদস্যরা।

“ভোর ৫টার দিকে শহরতলীর মড়লিতে যশোর-খুলনা মহাড়কের পাশে ইমাম পেট্রোল পাম্পের বিপরীতে একটি ইটভাটার কাছে পৌঁছালেই রাজুর সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়।

“গুলি বিনিময়কালে পালাতে গিয়ে নিজের সহযোগীদের গুলিতে রাজু আহত হন।”

সহযোগীরা পালিয়ে গেলে রাজুকে উদ্ধার করে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে র‌্যাব কর্মকর্তা আশরাফ জানান।

ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নিহত রাজু যশোর শহরের গাড়িখানা রোড এলাকার আজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে যশোরের সাবেক পিপি এ জেড এম ফিরোজের ছেলে অর্নব হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।