২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বইমেলায় হাতবোমায় আহত ১

বিএনপি জোটের টানা অবরোধের মধ্যে খুলনা নগরীতে একুশের বইমেলায় হাতবোমা হামলায় এক দর্শনার্থী আহত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 11:32 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

আহত হুমায়ূন কবিরকে (৪৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নগরীর খালিশপুর থানাধীন রায়ের মহল এলাকার বাসিন্দা এবং জ্বালানি তেল ব্যবসায়ী।

খালিশপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, শনিবার রাত পৌনে ৯টার দিকে নগরীর বয়রা এলাকায় সরকারি গণগ্রন্থাগার চত্বরের বই মেলায় এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, বই মেলায় অন্বেষা প্রকাশনী ও নালন্দা প্রকাশনীর দুটি স্টলের সামনে দুর্বৃত্তরা একটি হাতবোমা ছোড়ে। বোমার বিস্ফোরিত হলে স্পিন্টারে দর্শনার্থী কবিরের পায়ে গুরুতর জখম হয়।

তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

মাসব্যাপী একুশের এ বই মেলা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে।

এ দিকে প্রায় একই সময়ে নগরীর সঙ্গীতা সিনেমা হল মোড় এলাকায় একটি হাতবোমার বিস্ফোরণ হলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।