ইয়াবা সেবনের সময় ৮ যুবককে আটক
ইয়াবা সেবনের অপরাধে বন্দর নগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে মোট আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যামাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।
শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলী আসলাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভ্রাম্যামাণ আদালত নগরীর পাঁচলাইশ থানার উত্তর শুলকবহর এলাকায় অভিযান চালিয়ে ফজলুর রহমান, (৩০), মো. তাহের উদ্দিন (৩২), আনোয়ার হোসেন চৌধুরী (৩৮), রেজাউল করিম (৪০), বোরহান উদ্দিন (৩৪) ও মো. শামীমকে (৩৮) ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ছয় জনকে ভ্রাম্যামাণ আদালত বিভিন্ন মেয়াদে দণ্ডিত করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া নগরীর বহদ্দারহাট মোড়ে অভিযান চালিয়ে মো. তারেক (৩৪) ও আকবর হোসেন (৩৫) নামে দুই জনকে মোট চারশ ইয়াবাসহ গ্রেপ্তার করে।
এ ঘটনায় অধিদপ্তরের পাহাড়তলি সার্কেলের পরিদর্শক আনোয়ারুল হক বাদী হয়ে একটি মামলা করেছেন।
