২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যা করার তাই করবেন, দায়িত্ব আমার: ডিআইজি

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নাশকতাকারীদের বিরুদ্ধে পুলিশের ‘যে কোনো পদক্ষেপের’ দায়-দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন পুলিশের এক উপমহাপরিদর্শক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2015, 09:59 PM

Updated : 25 Apr 2022, 12:59 PM

শনিবার গাজীপুরে এক অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশে এই ঘোষণা দেন ঢাকা বিভাগীয় ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান।

তিনি বলেন, “নাশকতার মাধ্যমে যারা মানুষ হত্যা করে এবং জনগণের জানমালের নিরাপত্তা নষ্ট করে তাদের হাতে নাতে ধরতে পারলে যা যা করার তাই করবেন। আমি হুকুম দিয়ে গেলাম, দায় দায়িত্ব সব আমার।”

নাশকতাকারীদের সবংশে ধ্বংস করতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন, “আমাদের অস্ত্র দেওয়া হয়েছে কি জন্য? দেশের মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য। আমাদের অস্ত্র দেওয়া হয়েছে জনগণের জানমালের নিরাপত্তার জন্য; আপনাদের সম্পদ, দেশের সম্পদ রক্ষা করার জন্য।”

বিএনপি জোটের অবরোধের মধ্যে দেশে চলমান নাশকতায় জড়িতদের ‘গণতন্ত্রের শত্রু’ আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে ‘কঠোর’ ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দ্বিধা না করে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ বাহিনীকে নির্দেশ দেন।

বিকেলে গাজীপুর পুলিশ লাইনে স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবেৃন্দের সঙ্গে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলার মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট  আজমত উল্লাহ খান, স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর মহানগর ছাত্রলীগ সভাপতি মো. মাসুদ রানা এরশাদ ও সাধারণ সম্পাদক মো.তৌহিদুল ইসলাম দ্বীপ।

ডিআইজি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, “নাশকতাকারীদের বিরুদ্ধে অস্ত্র যোগাড় করে নেমে পড়তে হবে।”

এক মাসের বেশি সময় ধরে চলা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধে যানবাহনে ছোড়া পেট্রোল বোমায় পুড়ে ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

শুক্রবার রাতেও গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় ছয় জন এবং শনিবার ভোরে বরিশালে ট্রাকে পেট্রোল বোমা হামলায় তিনজনের মৃত্যু হয়ে।

পুরনো খবর:

কঠোর হতে বললেন রাষ্ট্রপতিও