গাইবান্ধায় আবার পেট্রোল বোমা হামলা
পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে পাঁচ বাস যাত্রীর মৃত্যুর ১০ ঘণ্টার মধ্যে গাইবান্ধায় দুটি ট্রাকে একই হামলা হয়েছে।
বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে শনিবার সকাল ৯টার দিকে পলাশবাড়ী উপজেলা সদরে ব্র্যাক অফিস মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কে শস্যবাহী ট্রাক দুটোতে হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
পলাশবাড়ী থানার ওসি মুজিবুর রহমান জানান, রংপুর থেকে ভুট্টা নিয়ে ট্রাক দুটি বগুড়া যাচ্ছিল। পথে হরতাল-অবরোধকারীরা ট্রাক দুটি লক্ষ্য করে পর পর দুটি পেট্রোল বোমা ছোড়ে।
বোমায় আগুন ধরে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। তবে ট্রাকচালক ও তার সহকারীরা দ্রুত নেমে যাওয়ায় তারা বেঁচে যান বলে ওসি জানান।
এর আগে শুক্রবার রাতে গাইবান্ধা সদরে একটি বাসে পেট্রোল বোমা হামলা হলে পাঁচজন নিহত হন।
