রূপগঞ্জে ট্রাকে পেট্রোল বোমায় দুজন দগ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালবাহী একটি ট্রাকে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় চালক ও তার সহকারী দগ্ধ হয়েছেন।
শনিবার সকাল ৬টার দিকে রুপগঞ্জের কাঞ্চন পৌরসভার চাঁন টেক্সটাইলের সামনে মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কে ট্রাকটিতে হামলা হয় বলে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান।
ট্রাকচালক বাদশা মিয়া (৪০) ও সহকারী হেলালকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চালকের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মাহমুদুল বলেন, চালবোঝাই ট্রাকটি গাজীপুর থেকে ভুলতার দিকে যাওয়ার পথে হামলার মুখে পড়ে।
“পেট্রোল বোমা ট্রাকটির সামনের অংশে পড়ে বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে চালক ও তার সহকারী দগ্ধ হন। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।”
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
