২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ব্যাংকের টাকার বাস দুর্ঘটনায়

বরিশালে বাংলাদেশ ব্যাংকের টাকাবাহী বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা ও ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2015, 04:37 PM

Updated : 22 Aug 2022, 11:39 AM

শুক্রবার নগরীর কাশিপুর ডিআইজি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের কয়েকজন শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নগর পুলিশের বিমানবন্দর থানার ওসি মো. শাহিদুজ্জামান জানান, টাকা নিয়ে বাংলাদেশ ব্যাংকের একটি মিনিবাস শরীয়তপুর যাচ্ছিল।

পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

এ সময় বাসের ভেতর থাকা বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা ও জেলা পুলিশ লাইনের ছয় সদস্য আহত হন।

ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছে বলে জানান ওসি।

আহত বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখার সহকারী ব্যবস্থাপক সত্যেন্দ্রনাথ রায় জানান, শরীয়তপুর সোনালী ব্যাংকের জন্য টাকা নিয়ে যাওয়া হচ্ছিল ওই বাসে করে।

দুর্ঘটনার পর টাকাবাহী বাসটি পুনরায় বাংলাদেশ ব্যাংকে ফিরিয়ে আনা হয়েছে বলে তিনি জানান।

বরিশালের পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, আহত ছয পুলিশের মধ্যে তিন জন শেরে বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তাদের কারো অবস্থাই গুরুতর নয় বলে জানান পুলিশ সুপার।