পুলিশ হেফাজত থেকে দুই ব্যক্তির পলায়ন
আদালতে নিয়ে যাওয়ার সময় যশোরে পুলিশ হেফাজত থেকে দুই ব্যক্তি পালিয়েছে।
পুলিশ জানায়, এদের একজন স্থানীয় বিএনপি ও অন্যজন জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত।
এ ঘটনায় একজন এএসআই ও দুই কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে ঝিকরগাছার গাজীর দরগাহ ও নতুনহাট এলাকার মধ্যবর্তী স্থান থেকে এরা পালিয়ে যায়।
যেহেতু যশোরের কোনো থানায় এই দুজনের বিরুদ্ধে মামলা নেই, তাই পুলিশ এদের দণ্ডবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আদালতে আনা হচ্ছিল। পথে তারা পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
"পুলিশ ভ্যানে আনলে তারা পালানোর সুযোগ পেত না। পুলিশ ভ্যান সংকটের কারণে রিকুইজিশন করা একটি টোম্পোতে করে এদের যশোর আদালতে আনা হচ্ছিল।"
তিনি আরও জানান, বুধবার শার্শা থেকে গ্রেপ্তার হন আবদুল মজিদ ও শহিদুল ইসলাম নামে দুই ব্যক্তি। দুজনই সাতক্ষীরার বাসিন্দা।
এসপি আনিসুর রহমান আরও জানান, আবদুল মজিদ জেলা বিএনপির সদস্য। আর শহিদুল ইসলাম জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত। শহিদুল ইসলাম সাতক্ষীরা ও কলারোয়া থানায় হত্যা, নাশকতাসহ পাঁচটি মামলার আসামি।
এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান এসপি।
