জাতিসংঘ ও হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ করবে বিএনপি
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ নেতাকর্মীদের গুম-খুন ও নির্যাতন-গ্রেপ্তারের প্রতিবাদে জাতিসংঘ সদর দপ্তর ও হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ সমাবেশ করবে যুক্তরাষ্ট্র বিএনপি।
নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আগামী ১০ ফেব্রুয়ারি স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এ বিক্ষোভ সমাবেশ হবে।
আর ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ সমাবেশ হবে ১৬ ফেব্রুয়ারি সোমবার বিকালে।
যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে চলমান আন্দোলনে আন্তর্জাতিক জনমত জোরদার করার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”
এসব কর্মসূচিতে চিকিৎসার জন্যে নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং ওয়াশিংটনে সপরিবারে বসবাসরত ওসমান ফারুকের অংশ নেওয়ার কথা রয়েছে।
এছাড়া ফ্লোরিডা, মিশিগান, ইলিনয়, কানেট্টিকাট, পেনসিলভেনিয়া, নিউজার্সি, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া ও নিউ ইয়র্ক থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী-সমর্থকরা এ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান আব্দুল লতিফ সম্রাট।
৫ জানুয়ারি দশম বর্ষপূর্তির দিনে ঢাকায় সমাবেশ করতে না পেরে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি-জামায়াত জোটের নেত্রী খালেদা জিয়া। টানা অবরোধের মধ্যেই কয়েক দফা হরতাল ডেকেছেন তারা।
অবরোধ-হরতালে বাস-ট্রাকে পেট্রোল বোমা মেরে আগুনে মানুষ পুড়িয়ে মারাসহ বিভিন্ন ধরনের নাশকতার ঘটনা ঘটছে। এসব ঘটনায় এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত এবং প্রায় একই পরিমাণ দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গাড়িতে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়ার সময় দেশের কয়েক জায়গায় শিবির নেতাকর্মীদের আটক করে পুলিশের দিয়েছে জনতা। এছাড়া রাজধানীর লালবাগে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মারা গেছেন এক ছাত্রদল নেতা।
এসব ঘটনায় বিএনপি ও জামায়াত-শিবিরকে দায়ী করে গত মাসে হোয়াইট হাউজ এবং জাতিসংঘের সামনে শান্তি সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় তারা হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও এবং নাশকতামূলক এসব কর্মকাণ্ডের বিবরণসহ হোয়াইট হাউজ, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘে স্মারকলিপি দিয়েছেন।
স্মারকলিপিতে জামায়াত-শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা।
