নওগাঁয় একজনকে ধরে নিয়েছে বিএসএফ
নওগাঁর সাপাহার উপজেলার আধাতলা সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীরা।
বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আধাতলা বিওপির কোম্পানি কমান্ডার আবুল বাশার।
বিএসএফের হাতে আটক ইউসুফ আলী (৪০) গরু ব্যবসার সঙ্গে জড়িত। সীমান্ত পথে গরু নিয়ে আসার সময় বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।
বিডিআর কর্মকর্তা বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সীমান্তের পিলারের পাশে ৩১ বিএসএফ রাঙামাটি ক্যাম্পের টহল দল ইউসুফকে আটক করে নিয়ে যায়।
আটক বাংলাদেশির অবস্থান জানতে চেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিজিবি কর্মকর্তা বাশার।
