নওগাঁয় ট্রাক্টর চাপায় নিহত ২
নওগাঁ শহরে ট্রাক্টর চাপায় রিকশাচালক ও রিকশা আরোহী নিহত হয়েছেন, আহত হন এক মোটরসাইকেল আরোহী।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের মুক্তির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রিকশা চালক সদর উপজেলার মোহনপুর গ্রামের আজিজার রহমানের ছেলে বজলুর রহমান (৪০) ও আরোহী বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকুর গ্রামের মৃত মক্কেল আলীর ছেলে তোজাফ্ফর হোসেন (৫৮)।
নওগাঁ সদর মডেল থানার ওসি মো. জাকিরুল ইসলাম জানান, প্রথমে রিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সংঘর্ষ হয়। পরে পেছন থেকে মাটি বোঝাই একটি ট্রাক্টর রিকশা এবং মোটর সাইকেলকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই রিকশাচালক ও আরোহীর মৃত্যু হয়।
আহত মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেনকে (৩০) নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
