২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজিতপুরে সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি

কিশোরগঞ্জের বাজিতপুরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও পুলিশসহ অন্তত অর্ধশত আহত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 06:47 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের পর বাজিতপুর উপজেলার চারটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

নিহত ছেনু মিয়া (৪৫) কৈলাগ গ্রামের বাসিন্দা।

আহতদের বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ছেনু মিয়া মারা গেছে বলে স্থানীয়রা ধারণা করলেও পুলিশ জানায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

বাজিতপুর থানার ওসি সুব্রত কুমার সাহা জানান, দুপুরে বাজিতপুর পৌরসভার বাঁশমহল এলাকায় কৈলাগ গ্রামের এক ব্যক্তির সঙ্গে পৈলনপুর গ্রামের অটোরিকশা চালকের ভাড়া নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়।

এর জেরে পরে গ্রামের দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে উভয়পক্ষের কয়েকশ লোক আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

ওসি বলেন, তার (ওসি) নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর সময় আট পুলিশ আহত হয়।

এদের মধ্যে পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমানকে মাথায় গুরুতর জখমের কারণে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০/৬০ রাউন্ড ফাঁকা গুলি ও ১০ রাউন্ড টিয়ার শেল ছুড়েছে বলে জানান ওসি।

কৈলাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানস আব্দুল হান্নান বলেন, ছেনু মিয়ার বুকে আঘাতের চিহ্ন রয়েছে এবং সম্ভবত আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। 

বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম সারজিল হাসান জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাজিতপুর বাজার, কৈলাগ, পৈলনপুর ও মথুরাপুর এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।