মানববন্ধনের পাশে বোমা বিস্ফোরণ, যুবক দণ্ডিত
হরতাল ও অবরোধে নাশকতা বিরোধী মানববন্ধনের পাশে হাতবোমা ফাটানোর সময় আটক এক যুবককে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে ভাওয়াল রাজবাড়ি সড়কে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত রমজান মোল্লা (২০) গাজীপুর সদরের বাড়িয়া ইউনিয়নের কামারিয়া গ্রামের মো. ফিরোজ মোল্লার ছেলে।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে ভাওয়াল রাজবাড়ি সড়কে একটি মানববন্ধন চলছিল।
মানববন্ধনে অংশ নিচ্ছিল গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব, জাতীয় কবিতা পরিষদ গাজীপুর শাখা, নিরাপদ সড়ক চাই গাজীপুর শাখা এবং মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা গবেষণা পরিষদ গাজীপুর শাখা।
ওসি জানান, ওই সময় মানববন্ধনের পেছনে বিকট শব্দে একটি হাতবোমা বিস্ফোরণ করে পালিয়ে যাওয়ার সময় জনতা রমজানকে হাতেনাতে ধরে পুলিশে দেয়।
পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে তিনি জানান।
