২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ক্যাম্পাসে হাতেই ফাটল বোমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বোমাবাজি করতে গিয়ে এক যুবকের হাতেই বিস্ফোরণ ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 11:28 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

বিএনপি জোটের হরতালের মধ্যে সোমবার রাত পৌনে ১১টার দিকে টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেইটে এ ঘটনা ঘটে। 

মাইনুদ্দিন (২৪) নামের ওই যুবককে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে পুলিশ।

শাহবাগ থানার পরিদর্শক সাইদুল হক ভূইয়া জানান, বিস্ফোরণের পর সেখানে উপস্থিত লোকজন মাইনুদ্দিনকে ধরে পিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।

মাইনুদ্দিন পুলিশকে বলেছেন, তিনি সোহরাওয়ার্দী উদ্যানেই থাকেন। তার বাবার নাম আবুল কাশেম, বাড়ি নোয়াখালী।

তবে কার কাছ থেকে তিনি ওই হাতবোমা পেয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য পায়নি পুলিশ।

পরিদর্শক সাইদুল হক বলেন, “তাকে চিকিৎসা দেওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হবে। কে তাকে বোমা ফাটাতে বলেছে আমরা তা জানার চেষ্টা করব।”