রাজশাহী ও ফেনীতে চার গাড়িতে আগুন, দগ্ধ ৩
বিরোধী জোটের চলমান অবরোধ ও হরতালের মধ্যে রাজশাহীতে দুটি ট্রাক ও ফেনীতে দুটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
দুটি ঘটনার মধ্যে রাজশাহীর ঘটনায় দুই ট্রাকের চালক ও এক সহকারী দগ্ধ হয়েছে। অপর ঘটনায় কেউ হতাহত হয়নি।
দগ্ধরা হলেন- নগরীর আলীগঞ্জ এলাকার মনির মণ্ডলের ছেলে ট্রাক চালক সাইদুর রহমান (৩৫), ওই ট্রাকের সহকারী একই এলাকার ইয়াসিনের ছেলে শহিদুল ইসলাম বিশু (৩২) ও অপর ট্রাক চালক নওদাপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে ফারুক হোসেন (৪০)।
রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত ৯টার দিকে নগরীর রাজপাড়া থানার মোল্লাপাড়া ও বোয়ালিয়া থানার ছোট বনগ্রাম এলাকায় দুটি ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে জামায়াত-শিবির কর্মীরা।
“এতে দগ্ধ তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্ভি করা হয়েছে।”
ইফতে খায়ের আলম বলেন, বালি আনলোড করে ট্রাক ফেরার পথে জামায়াত-শিবিরের দুস্কৃতিকারীরা ট্রাক দুটিতে পেট্রোল বোমা ছুড়ে।
এদিকে সোমবার রাতে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের পাঠান নগর বাজারে দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি হিউম্যান হলারে আগুন দেয় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাগলনাইয়া থেকে ফেনীগামী দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি হিউম্যান হলার পাঠান নগর বাজারে পৌঁছালে ১০/১২ জন যুবক গাড়িগুলোর গতিরোধ করে চালক ও যাত্রীদের নামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে একটি সিএনজিঅটোরিকশা ও একটি হিউম্যান হলারের বেশ কিছু অংশ পুড়ে যায়।
ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খান চৌধুরী একটি অটোরিকশায় আগুনের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
