পেট্রোল বোমায় লক্ষ্মীপুরে নিহত ১
বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে লক্ষ্মীপুরে দুর্বৃত্তের পেট্রোল বোমায় প্রাণ হারালেন এক অটো রিকশাযাত্রী।
পুলিশ জানায়, রোববার রাতে লক্ষ্মীপুর নতুন মহিলা কলেজের সামনে ওই অটোরিকশাটিতে পেট্রোল বোমা ছুড়ে মারা হলে তিনজন অগ্নিদগ্ধ হন।
গুরুতর দগ্ধ মো. লিটনকে (৩৫) রাতেই ঢাকায় পাঠানো হলে পথেই তার মৃত্যু হয় বলে লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক আনোয়ার হোসেন জানিয়েছেন।
লিটনের লাশটি লক্ষ্মীপুরে ফিরিয়ে এনে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার বাড়ি নাটোরের সদর উপজেলার লছনগড় গ্রামে।
লিটনের দেহের ৩০ শতাংশ পুড়লেও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে বাঁচানো যায়নি বলে চিকিৎসকরা জানিয়েছেন।
অগ্নিদগ্ধ অন্য দুজন মো. আশিক (২৮) এবং আব্দুল করিম (২৭) লক্ষ্মীপুর হাসপাতালে চিকিৎসাধীন। দুজনেরই বাড়ি লক্ষ্মীপুরর দক্ষিণ মজুপুরে।
অটোরিকশাটি মজুচৌধুরীর হাট থেকে লক্ষ্মীপুর আসার পথে রাত ৯টার দিকে পেট্রোলবোমার শিকার হয় বলে লক্ষ্মীপুর সদর থানার এসআই আব্দুল করিম জানিয়েছেন।
গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে বিক্ষিপ্ত ভাবে গাড়ি পোড়ানো এবং পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই।
এই ধরনের নাশকতায় অগ্নিদগ্ধ হয়ে এই পর্যন্ত প্রায় ২৫ জন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আছেন প্রায় অর্ধশত।
