পাঁচ জেলায় আটক ৬১
নাশকতারোধে পাঁচ জেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৬১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এরমধ্যে রয়েছেন চট্টগ্রামে ১০ জন, মাগুরায় ১৪ জন, বরিশালে একজন, সাতক্ষীরায় ১৩ জন এবং গাইবান্ধায় ২৩ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
চট্টগ্রাম
জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান জানান, অবরোধে নাশকতা রোধে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সীতাকুণ্ড ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালানো হয়।
এদের মধ্যে নয় জন জামায়াত-শিবিরের এবং একজন বিএনপিকর্মী বলে তিনি জানান।
এরা নাশকতার সঙ্গে জড়তি বলে দাবি করেন তিনি।
মাগুরা
মাগুরায় ১৪ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির আশঙ্কায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।
এদের মধ্যে রয়েছেন বিএনপির মাগুরা সদরের ৬ জন, শালিখার ৫ জন এবং মহম্মদপুর জামায়াতের ৩ নেতাকর্মী।
তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।
বরিশাল
নাশকতার অভিযোগে বরিশাল পশ্চিম জেলা জামায়াতে ইসরামীর আমির হাবিবুর রহমানকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোড সিটি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
হাবিবুর রহমান সিটি কলেজের প্রভাষক।
কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, হাবিবুর রহমানের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
ওই মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান ওসি।
সাতক্ষীরা
সাতক্ষীরায় বিএনপি ও জামায়াতের ১৩ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক কামাল হোসেন সাংবাদিকদের জানান, জেলাব্যাপী পুলিশের অভিযানে বিএনপি জামাতের ১৩ জনকে আটক করা হয়েছে।
সরকার বিরোধী আন্দোলনের নামে তারা নাশকতার পরিকল্পনা করে আসছিল। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতার মামলাও রয়েছে বলে তিনি জানান।
গাইবান্ধা
গাইবান্ধায় বিএনপি ও জামায়াতের ২৩ কর্মীকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গাইবান্ধা সদর, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা সবাই বিএনপি ও অঙ্গসংগঠন এবং জামায়াত-শিবিরের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী বলে জানান তিনি।
