উখিয়ায় আ. লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮
কক্সবাজারের উখিয়া উপজেলায় ‘পান খাওয়া নিয়ে’ আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের সময় আট জন গুলিবিদ্ধ হয়েছে।
পালংখালী স্টেশনে শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষ হয় বলে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান।
উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন মজুমদার জানান, পান খাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধদের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
অবৈধ অস্ত্র উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জানান, সন্ধ্যায় স্টেশনের একটি পান দোকানের সামনের আসেন পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবুল মনজুরের নেতৃত্বে কিছু নেতাকর্মী।
এর কিছুক্ষণ পর ওখানে আসেন ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী হাফেজ জাকের হোসাইন সমর্থিত নেতাকর্মীরা।
এ সময় ওই পান দোকানে পান খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা গোলাগুলিও করতে থাকে।
গুলিবিদ্ধরা হলেন তোফায়েল আহমদ (৩০), মো. ইসমাঈল (২৫), হাফেজ জাকের হোসাইন (৫০), জালাল আহমদ (২৬), আনোয়ার হোসেন (৫৫), ইউছুপ আলী (২৭), নুরুল বশর (৩০) ও মো. আনোয়ার ইসলাম (৩২)।
এ ঘটনায় আহত হাফেজ জাকের হোসাইন জানান, পালংখালী স্টেশনে পানের দোকানের সামনে তিনি আড্ডা দিচ্ছিলেন। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল মঞ্জুরের নেতৃত্বে ২০/২৫ জন লোক লাঠিসোটা নিয়ে তার দিকে তেড়ে আসে। এক পর্যায়ে গুলিবর্ষণ শুরু করে।
পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবুল মঞ্জুর জানান, এই ঘটনার সঙ্গে তিনি সম্পৃক্ত নন।
ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলামের ছেলে ফয়েজুল ইসলামের সঙ্গে হাফেজ জাকের হোসাইনের ব্যবসায়িক বিরোধ ছিল। পূর্ব বিরোধের জের ধরে তাদের মধ্যে এ ঘটনা ঘটতে পারে।
