চাঁদপুরে বিএনপির মিছিল পণ্ড, গ্রেপ্তার ৩
হরতালের আগে নাশকতার আশংকায় চাঁদপুরে তিন বিএনপিকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে শহরের চিত্রলেখা এলাকায় একটি মিছিল থেকে গ্রেপ্তারদের পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন জানান, বিকাল ৫টার দিকে বিএনপিকর্মীরা একটি মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দিলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সলিম উল্যা সেলিম বলেন, হরতালের সমর্থনে বিএনপিকর্মীরা শহরে শান্তিপূর্ণ মিছিল বের করেন। কিন্তু, পুলিশ কোনো কারণ ছাড়াই তাদের লাঠিপেঠা করে ছত্রভঙ্গ করে দেয় এবং তিন কর্মীকে আটক করে।
তবে, হরতালের আগে নাশকতার আশংকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা কাইয়ুম।
খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ রাখা এবং সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ২০ দলীয় জোট জেলায় শনিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
