২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে ট্রাকে পেট্রোল বোমায় হেলপার দগ্ধ

পুলিশের পাহারার মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ঢাকামুখী একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপে চালকের সহকারী দগ্ধ হয়েছেন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 10:39 AM

Updated : 25 Apr 2022, 12:55 PM

ভৈরববাজার এলাকায় ঢাকা- সিলেট সড়কে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) জালালউদ্দিন জানিয়েছেন।

আহত সাজউদ্দিন সাজুকে (৫০) মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মুখমণ্ডল ঝলসে গেছে।

জালালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারজন পুলিশ সদস্যের পাহারায় ট্রাকটি মৌলভীবাজার পুলিশ লাইনস থেকে ঢাকার বিজি প্রেসের উদ্দেশ্যে যাচ্ছিল।

রাত সাড়ে ১১টার দিকে ভৈরববাজার পার হওয়ার সময় দুর্বৃত্তরা ট্রাকে একটি পেট্রোল বোমা ছুড়ে মারে। সেটি ট্রাকচালকের বাঁ পাশে বসা তার সহকারী সাজুর মুখে লাগে। তার গাল ও মুখমণ্ডল ঝলসে যায়।

হামলাকারীদের সনাক্ত করে গ্রেপ্তারে তৎপরতা চলছে বলে এসআই জালাল জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে লাগাতার অবরোধ ডাকার পর প্রতিদিনই গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও বোমাবাজির ঘটনা ঘটছে।

এসব ঘটনায় এরইমধ্যে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।