২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান ঢাবি শিক্ষক সমিতির

অবরোধ-হরতালের মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র হচ্ছে দাবি করে ‘অশুভ’ শক্তিকে নির্মূল করতে সরকারে প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 12:21 AM

Updated : 22 Aug 2022, 11:32 AM

বিএনপি জোটের অবরোধের মধ্যে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এক মানববন্ধনে এই আহ্বান জানায় সরকার সমর্খকদের নিয়ন্ত্রণে থাকা সমিতি।

আলোচনার মধ্য দিয়ে সঙ্কট সমাধানের আহ্বানে বিএনপি সমর্থক শিক্ষকদের মানববন্ধনের একদিন বাদেই শিক্ষক সমিতির ব্যানারে ‘তথাকথিত অবরোধ ও হরতালের নামে মানুষ পুড়িয়ে হত্যা ধ্বংসযজ্ঞ চালানো ও দেশের অর্থনীতি পঙ্গু করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে’ সমিতি এই কর্মসূচি পালন করে।

সমিতি সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, “দেশ যখন সব দিকে দিয়ে এগিয়ে যাচ্ছে, সব ক্ষেত্রে উন্নয়নে ধাবিত হচ্ছে। তখন আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে হত্যা করে, দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য বেগম খালেদা জিয়া যে ষড়যন্ত্রে মেতে ওঠেছেন তার খায়েশ কখনও পূরণ হবে না।

“বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে সব সময় অপচেষ্টা করে চলছে। যখন তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, তখন এই অশুভ শক্তি আন্দোলনের নামে বোমা মেরে মানুষ মারছে, শিশুকে মারছে।”

অবরোধে নাশকতাকারীরা সরকারের লোক বলে বিএনপির বক্তব্যের জবাবে অধ্যাপক ফরিদ বলেন, “যারা ধরা পড়েছে, তারা সকলেই জামায়াত-শিবির, ছাত্রদল ও বিএনপিকর্মী।”

কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “অবরোধের নামে হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক দলের এজেন্ডা হতে পারে না। এগুলো স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ড, যারা দেশের শৃঙখলাকে নষ্ট করতে চায়।”

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাকসুদ কামালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সদস্য অধ্যাপক জিয়াউর রহমান, অধ্যাপক এ জে শফিউল আলম ভূইয়া, অধ্যাপক আজিজুর রহমান, অধ্যাপক শফিকুজ্জামান, অধ্যাপক গোলাম রাব্বানী, অধ্যাপক আ ব ম ফারুক, অধ্যাপক কামাল উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে শিক্ষকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ও শিক্ষার্থীরা অংশ নেন।