২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সুলতান মেলা বৃহস্পতিবার

চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার নড়াইলে শুরু হতে যাচ্ছে সপ্তাহব্যাপী সুলতান মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 10:05 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

সুলতান ফাউন্ডেশন ও সুলতান মেলা উদযাপন পর্ষদের যৌথ আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।

বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন মেলা আয়োজক কমিটির সদস্য ও সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু।

বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে তিনি জানান, বৃহস্পতিবার মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।

এ মেলায় গ্রাম বাংলার চিত্র প্রদর্শনী, কাবাডি, ঘোড়ার গাড়ির দৌড়, দড়ি টানাটানি, সঙ্গীতানুষ্ঠান, আবৃতি, নাটক, জারিগান ও কবিগানের আয়োজন থাকছে।

এছাড়াও মেলা চলাকালে প্রতিদিন সুলতান মঞ্চে আলোচনা সভা ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আশিকুর রহমান আরও জানান, প্রবীণ চিত্রশিল্পী কালিদাস কর্মকার এ বছরের সুলতান পদক পাচ্ছেন । মেলার সমাপনি দিনে যুব ও ক্রীড়া  প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার সুলতান পদক বিতরণ করবেন।

শিল্পীর জন্মদিন ১০ অগাস্ট হলেও বর্ষার কারণে ২০০৩ সাল থেকে মেলার দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়। তাই এ রীতি মেনে এবারও মেলার আয়োজন করা হয়েছে বলে জানান সুলতান ফাউন্ডেশনের ওই কর্মকর্তা।