রাষ্ট্রদূত হিসেবে গোলাম মসিহের নিয়োগের আদেশ
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।
অন্যসব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় মসিহকে দুই বছরের চুক্তিতে সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
তিনি শহীদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুলকে মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
গত ২ জানুয়ারি রাষ্ট্রদূত হিসাবে মসিহের নিয়োগের সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রণালয় জানিয়েছিল, মসিহ বাংলাদেশের ‘একজন সুপরিচিত’ রাজনীতিবিদ ও ব্যবসায়ী, তেল-গ্যাস নিয়ে যার ‘বিস্তর অভিজ্ঞতা’ রয়েছে।
তেলসমৃদ্ধ সৌদি আরব বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা মধ্যপ্রাচ্যের এ দেশটিই বাংলাদেশের জনশক্তির সবচেয়ে বড় গন্তব্য।
জাতীয় পার্টির সাবেক আন্তর্জাতিক ও কূটনৈতিক বিষয়ক সম্পাদক গোলাম মসিহ আশির দশকে ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির আইন বিভাগে কাজ করেছেন।
এছাড়া ব্রিটিশ গ্যাস, ফ্রান্সের টোটাল অয়েল, হংকং টেলিকম, যুক্তরাষ্ট্রের জেনারেল অটোমিক, এশিয়া স্যাটেলাইটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি উপদেষ্টা হিসাবে ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি নেওয়া গোলাম মসিহকে পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে একজন ‘ভ্রমণপ্রিয় ও বিদ্বান ব্যক্তি’ হিসাবেও উল্লেখ করে।
আশির দশকে লন্ডনে থাকা অবস্থায় গোলাম মসিহ যখন জাতীয় পার্টিতে যোগ দেন, দলের চেয়ারম্যান এইচএম এরশাদ তখন বাংলাদেশের রাষ্ট্রপতি।
এরশাদ ২০১৩ সালের সেপ্টেম্বরে মসিহকে দল থেকে বহিষ্কার করলে তিনি জাতীয় পার্টির আরেক বহিষ্কৃত নেতা কাজী জাফর আহমেদের সঙ্গে যোগ দেন। বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ার পর রওশন এরশাদ তাকে ফিরিয়ে এনে রাজনৈতিক সচিব করেন।
বর্তমানে বিরোধী দলে থাকা জাতীয় পার্টির তিন নেতা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। আর পার্টির চেয়ারম্যান এরশাদ আছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্বে।
