২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার আশঙ্কায় গ্রেপ্তার ১১৭

হরতাল অবরোধে দেশের বিভিন্ন জেলা থেকে নাশকতার আশংকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ১১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 09:29 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

মঙ্গলবার ও বুধবার এ গ্রেপ্তার অভিযান চালানো হয় বলে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় পুলিশের গাড়িতে হাতবোমা হামলার মামলায় মঙ্গলবার রাতে আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার আদালতে হাজির করলে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সী জানান, মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা শহরে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে হাতবোমা হামলা করে দুর্বৃত্তরা। এতে জিন্নাহ নামে এক কনস্টেবল আহত হন।

রাতেই সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন, যাতে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।

কুড়িগ্রাম

নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ কুড়িগ্রামে বুধবার জামায়াত ও বিএনপির দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএসবির ইন্সপেক্টর সোহরাব হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা হলেন, নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি রুহুল আমিন ও একই উপজেলার কচাকাটা ইউনিয়নের বিএনপি সমর্থক জিয়াউর রহমান।

চাঁদপুর

চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রহিম পাটওয়ারীসহ নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে শহরের মাদ্রাসা রোডে নিজ বাসভবনে থেকে আব্দুর রহিমকে এবং জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, নাশকতাসহ বিভিন্ন মামলায় জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আর নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মাগুরা

মাগুরায় হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কায় বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত মাগুরা সদর, শালিখা, মহম্মদপুর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে  এদের গ্রেপ্তার করা হয়।

সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সদরের চাউলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড  বিএনপির সভাপতি আলিমুজ্জামান, বিএনপি কর্মী পিকুল শেখ ও জগদল ইউনিয়ন বিএনপির কর্মী গোলাম রসুল।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, হরতাল-অবরোধে নাশকতাষ্টির আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের ওই ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা

সাতক্ষীরায় বিভিন্ন মামলায় বিএনপি-জামায়াতের কর্মীসহ ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে জামায়াত-শিবির ও বিএনপির ১০ কর্মী রয়েছে। এছাড়া নিয়মিত মামলার ১৮ জন, বিভিন্ন পরোয়ানার নয় জন আসামি রয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা (উপ-পরিদর্শক) কামাল হোসেন, নাশকতার আশঙ্কায় সাতক্ষীরা জেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নীলফামারী

নীলফামারীর জলঢাকায় তিন জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান জানান, সারাদেশের চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার গভীর রাতে জলঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময়  জলঢাকা পৌরসভা এলাকার দক্ষিণ কাজীর হাট মহল¬য় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ ও ব্যালট পেপার ছিনতাইসহ নাশকতার মামলা রয়েছে।

গাইবান্ধা

গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত বিএনপি ও জামায়াত-শিবিরের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, অপরাধীদের ধরার জন্য জেলায় যৌথ অভিযান আরও জোরদার করা হয়েছে। চিহ্নিত তালিকাভূক্ত আসামিদের বাড়ি বাড়ি তল্লাশিও চালানো হচ্ছে।

ফেনী

ফেনীতে যৌথ অভিযানে বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। পরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে যৌথ বাহিনী অভিযান চালিয়ে  বিএনপি ও জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমির দবির হোসেনকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকালে আটক উপজেলা শহর থেকে তাকে আটক করা হয়।

কালিয়া থানার ওসি মতিয়ার রহমান  জানান, নাশকতার আশঙ্কায় কালিয়া শহর থেকে দবির হোসেনকে আটক করা হয়েছে।