সাগরে ১৫ মিয়ানমার জেলে আটক
বঙ্গোপসাগরে সেন্টমার্টিন দ্বীপের কাছ থেকে দুটি মাছধরা ট্রলারসহ মিয়ানমারের ১৫ মাঝিমাল্লাকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বুধবার সেন্টমার্টিনের দক্ষিণে ৫০ নটিক্যাল মাইল এলাকায় থেকে তাদের আটক করা হয় বলে জানান বাংলাদেশ নৌ-বাহিনীর সেন্টমার্টিন স্টেশন ইনচার্জ লে. কমান্ডার বাশার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে অবৈধভাবে বাংলাদেশ জলসীমানায় প্রবেশ করে মাছ শিকার করছিল মিয়ানমারের ওই নাগরিকরা ।
এ সময় নৌবাহিনীর বিএনএস ধলেশ্বরী জাহাজের কর্মকর্তারা অভিযান চালিয়ে ১৫ মাঝিমাল্লাসহ ট্রলার দুইটিকে আটক করে।
বৃহস্পতিবার সকালে তাদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানান কমান্ডার বাশার।
