২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে বাসে পেট্রোল বোমা: ওসি প্রত্যাহার

অবরোধের মধ্যে গভীর রাতে ঝালকাঠিতে একটি বাসে পেট্রোল বোমা হামলার পর সকালে ওই এলাকার ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 01:05 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বুধবার সকালে নলছিটি থানার ওসি আবুল খায়েরকে প্রত্যাহার করা হয় বলে ঝালকাঠির এসপি মজিদ আলী জানিয়েছেন।

তাকে কী কারণে প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা।

এর আগে রাত দেড়টার দিকে নলছিটির ভয়রাবাদ সেতু সংলগ্ন জিরো পয়েন্টে ঢাকা থেকে কুয়াকাটাগামী একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় এক নারী দগ্ধ হন।    

বাসে আগুন লাগার পর হুড়োহুড়ি করে নামতে গিয়ে আরো চারজন আহত হন।  

এ ঘটনায় নলছিটি থানায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশের অবরোধের ডাক দেওয়ার পর প্রতিদিনই গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। আগুনে পুড়ে প্রাণহানি ঘটছে অনেকেরই।

অবরোধের এই কয়দিনে অগ্নিসংযোগসহ সহিংসতায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।