গাজীপুরে দুই গাড়িতে আগুন
অবরোধের মধ্যে হরতালের সকালে গাজীপুরে একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বুধবার সকালে পূর্বচান্দনা ও কালীগঞ্জ এলাকায় এসব ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
জয়দেবপুর থানার এসআই মো. মোমেন মিয়া জানান, বুধবার সকাল ৭টার দিকে চান্দনা সিনেমা হলের সামনে কয়েকজন যুবক গাজীপুর শহরমুখী একটি পিকআপে পেট্রোলবোমা ছুড়ে পালিয়ে যায়।
এতে মুহূর্তের মধ্যে পিকআপের সামনের অংশে আগুন ধরে যায়। দ্রুত পুলিশ ও এলাকাবাসী মিলে আগুন নেভায়।
এর আগে সকাল সাড়ে ৬টার দিকে কালীগঞ্জের সীমান্তবর্তী বলখান এলাকায় নারায়ণগঞ্জ থেকে গাজীপুরগামী ভুষিবাহী একটি ট্রাকে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায় হরতাল সমর্থকরা।
আশপাশের লোকজনই সেই আগুন নিভিয়ে ফেলে বলে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফরিদুল ইসলাম জানান।
দুই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
যৌথবাহিনীর অভিযানে নেতাকর্মীদের ‘হত্যা’ ও নির্যাতনের অভিযোগ এনে এর প্রতিবাদে বুধবার সকাল থেকে ঢাকা ও খুলনা বিভাগে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।
