চট্টগ্রামে শীতার্তদের ৫০০ কম্বল দিল পুলিশ
বন্দর নগরীর বায়েজিদ থানার পাঁচশ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
মঙ্গলবার সকালে বায়েজিদ থানার আনন্দ বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কম্বল বিতরণ করেন সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল।
জলিল মন্ডল কম্বল দিয়ে বস্তিবাসীর উদ্দেশে বলেন, “সৎভাবে কাজ করতে হবে। দারিদ্র্যের কারণে অনেকে খারাপ কাজ করে, তা করা যাবে না।
“দুয়েকজন খারাপ লোকের জন্য পুরো বস্তির বদনাম হবে। এটা হতে পারে না। খারাপ লোককে বস্তিতে থাকতে দেওয়া হবে না।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ, অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) শেখ শরীফুল ইসলাম, সহকারী কমিশনার এবিএম ফয়জুল ইসলাম, বায়েজিদ থানার ওসি বাবুল চন্দ্র বণিক ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমদ চৌধুরী।
এরআগেও নগরীর কয়েকটি থানা এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সিএমপি।
