২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে অপহরণের পর শিশু হত্যা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অপহরণের কয়েকঘণ্টা পর এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 04:39 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

সোমবার বিকালে আব্দুর রহিম উল্লাস (৭) নিখোঁজ হয়। রাত সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বরে একটি ভবনে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।

উল্লাস উপজেলার সিঙ্গিমারী গ্রামের ব্যবসায়ী নুরুজ্জামানের একমাত্র ছেলে। সে  হাতীবান্ধা শিশু নিকেতনের কেজি ওয়ানের ছাত্র।

হাতীবান্ধা থানার ওসি আব্দুল মতিন সরকার জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয় জনকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে রয়েছেন জুয়েল, সজীব, সোহাগ, আলমগীর ও স্বপন। এদের সবার বাড়ি হাতীবান্ধা উপজেলার সিংগিমারী গ্রামে। একজনের নাম জানা যায়নি।

নিহত শিশুর পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি মতিন জানান, সোমবার বিকাল থেকে শিশু উল্লাসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার বাবার মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

কয়েকঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে আবার ম্যাসেজের মাধ্যমে জানানো হয়, তার ছেলে উল্লাসকে হত্যা করে উপজেলা পরিষদের পরিত্যক্ত ২য় তলা ভবনে ঝুলিয়ে রাখা হয়েছে।

এরপর সেখানে গিয়ে উল্লাসের ঝুলান্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।

এদিকে উল্লাসের হত্যার প্রতিবাদে মঙ্গলবার হাতীবান্ধা শিশু নিকেতনের শিশু শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উল্লাসের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা পরিষদ চত্বরে একটি বিক্ষোভ মিছিল বের করেন।