শাহবাগে বাসে বোমায় চালক আহত, বোমাবাজ গুলিবিদ্ধ
বিএনপিসহ বিরোধী জোটের অবরোধের মধ্যে রাজধানীর শাহবাগ মোড়ে একটি বাসে দুর্বৃত্তদের ছোড়া হাতবোমার আঘাতে আহত হয়েছেন চালক।
বোমা ছোড়ে পালাতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয়ে আটক হয়েছে এক দুর্বৃত্ত।
সোমবার রাতে ইউনাইটেড পরিবহনের বাসে হাতবোমা ছোড়া হলে স্প্লিন্টারে আহত হন চালক রাশেদুল ইসলাম।
আহত চালক ও গুলিবিদ্ধ বোমাবাজ নূর মোহাম্মদ (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
শাহবাগ থানার উপপরিদর্শক আবদুল আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে শাহবাগ মোড়ে ইউনাইটেড পরিবহনের একটি বাস লক্ষ্য করে নূর মোহাম্মদ হাতবোমা ছুড়ে পালানোর চেষ্টা করে।
“সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে নূর মোহাম্মদের হাঁটুর উপরে একটি গুলি লাগে।”
গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ তাকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
দুই পায়ে হাতবোমার স্প্লিন্টারের আঘাতে আহত বাসের চালক রাশেদুলকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া বলে জানান তিনি।
পুলিশের এই উপপরিদর্শক বলেন, “নূর মোহাম্মদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা ভাসমান।”
এদিকে রাজধানীর পশ্চিম ইসলামবাগে দুর্বৃত্তদের ছোড়া হাতবোমার আঘাতে এক ব্যবসায়ী আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৮টায় আহত আবদুস সামাদ (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার পায়ে বোমার স্প্লিন্টার রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।”
