বগুড়ায় স্কুল শিক্ষককে জবাই করে হত্যা
বগুড়ার ধুনট উপজেলায় ঘরে ঢুকে এক স্কুল শিক্ষককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার গভীর রাতে রুদ্রবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সহিদুল ইসলাম (২৭) উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের আজমল হোসেনের ছেলে এবং পীরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এ ঘটনায় নিহতের স্ত্রীসহ দুজনকে আটক করেছে পুলিশ।
ধুনট থানার ওসি জিয়াউর রহমান জানান, সহিদুল ইসলামের সঙ্গে দেড় মাস আগে চালাপাড়া গ্রামের শাহজাহান আলী তালুকদারের মেয়ে বাটিকাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সীমা আকতারের বিয়ে হয়।
বিয়ের পরও সীমার সঙ্গে তার প্রেমিক গোপালপুর খাদুলী গ্রামের খোরশেদ আলম বাবলুর যোগাযোগ ছিল। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল।
তিনি বলেন, রোববার রাতে সহিদুল ও সীমা তাদের ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে সহিদুলকে জবাই করে হত্যার পর পালিয়ে যায়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে সীমা আকতার ও প্রতাপ খাদুলী গ্রামের মৃত মোজাফ্ফর আলীর ছেলে শফিউল ইসলাম জ্যোতিকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় সহিদুলের ভাই সাজেদুল ইসলাম বাদী হয়ে ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি জিয়াউর।
