২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার ১৭ বছর পর যাবজ্জীবন

এক নারীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোণার একটি আদালত।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 03:48 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হামিদ এই রায় দেন।

এছাড়া দণ্ডিতকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়, যা অনাদায়ে তাকে আরও পাঁচ বছর সশ্রম কারাভোগ করতে হবে।

দণ্ডিত সামসুল আলম ওরফে সামছুদ্দিন (৫০) নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বগজুর গ্রামের বাসিন্দা।

মামলার নথি থেকে জানা যায়, তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জেরে ১৯৯৭ সালের ১৪ এপ্রিল দুর্গাপুরের মধুয়াকোণা গ্রামের আবদুল মান্নানের মেয়ে রেজিয়া খাতুনকে (২৫) হত্যা করে লাশ পরিত্যক্ত কাচারি ঘরে ফেলে রাখে আসামিরা। পরদিন লাশ পাওয়া যায়। 

পরে ১৯৯৮ সালে ২৭ জুন দুর্গাপুর থানার এসআই আতাউর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

২০০৩ সালের ২৭ অগাস্ট সামসুদ্দিন, বিল্লাল ও জামাল মিয়ার নামে অভিযোগপত্র দেয় পুলিশ।

আদালতের পিপি সাইফুল আলম প্রদীপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলায় বিল্লাল ও জামাল মিয়াকে খালাস দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত সামসুদ্দিন পলাতক রয়েছেন। তবে, রায় ঘোষণার সময় খালাস পাওয়া দুজন আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডিত ও খালাসপ্রাপ্তরা নিহত নারীর পূর্ব পরিচিত ছিলেন বলে জানান পিপি সাইফুল।