২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতকড়াসহ পালিয়ে বাসায় গিয়ে বসেছিল আসামি

আদালত থেকে হাতকড়াসহ পালানো এক আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 10:04 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

হুমায়ন রশিদ আজাদ (৩৭) নামে ওই ব্যক্তি তার বাসায় গিয়ে হাতকড়াসহ বসেছিলেন বলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

রোববার সন্ধ্যায় চট্টগ্রাম আদালত ভবন এলাকা থেকে পালানোর পর রাতে বাকলিয়া এলাকায় বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মা’কে নির্যাতনের এক মামলায় আজাদের বিরুদ্ধে মামলা করেন তারই ভাই। রোববার ওই মামলার অভিযোগ গঠনের শুনানির ধার্যদিনে আদালতে আত্মসমর্পণ করেন আজাদ।  

 

পুলিশ কর্মকর্তা কাজী মুত্তাকি বলেন, “অভিযোগ গঠন শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্য আসামিদের সঙ্গে হাজত খানায় নেওয়ার সময় সন্ধ্যায় সে পালিয়ে যায়।”

আজাদের পালানোর খবর সঙ্গে সঙ্গে বাকলিয়া থানায় জানানো হলে পুলিশ তৎপর হয়।

বাকলিয়া থানার ওসি মো. মহসিন বলেন, “খবর পেয়ে আমরা তার বাসার দিকে নজর রাখছিলাম। একসময় আজাদ বাসায় এসে ‍আশ্রয় নেয়। বাসা থেকেই রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।”

“আজাদ হাতকড়াসহ বাসায় গিয়ে বসেছিল। গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে,” বলেন পুলিশ কর্মকর্তা কাজী মুত্তাকী।