২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি খোলার দিনেই এক ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় প্রায় দুই মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 07:07 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

এদিকে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জালালাবাদ থানার এসআই আতাউর রহমান জানান, রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ওই ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দীপায়ন দত্ত রুমান বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

সংঘর্ষের ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করার পর এ সংক্রান্ত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এসআই আতাউর।

আধিপত্য বিস্তার নিয়ে গত বছরের ২০ নভেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

পরে ১৮ জানুয়ারি থেকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

এদিকে খোলার প্রথম দিন সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া উপস্থিত থেকে ছাত্রদের তিনটি আবাসিক হলের তালা খুলে দেন। তবে অল্প কয়েকজন শিক্ষার্থীকে হলে উঠতে দেখা গেছে।

এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বাস চলাচল করলেও ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল কম। অধিকাংশ বিভাগে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

প্রক্টর হিমাদ্রী শেখর রায় বলেন, “হরতাল অবরোধের কারণে বাইরের জেলাগুলো থেকে শিক্ষার্থীরা সিলেটে আসতে পারেনি। আশা করি কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।”

এদিকে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করায় খোলার প্রথম দিনে ক্যাম্পাসে কোনো ছাত্র সংগঠনের তৎপরতা দেখা যায়নি।

উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া বলেন, “সিন্ডিকেট সভায় আপাতত ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বলবৎ থাকবে।”