মহেশখালীতে আবার চোখ উপড়াল, রগ কাটল
কক্সবাজারের মহেশখালী উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে এক যুবকের পায়ের রগ কেটে দুচোখ উপড়ে নিয়েছে প্রতিপক্ষ।
রোববার সকালে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়ায় এ ঘটনা ঘটে।
আহত মোস্তফা কামাল পারভেজ (৩৫) ওই এলাকার মৃত আবুল কালামের ছেলে। তাকে বেলা সাড়ে ৩টায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে গত ৭ জানুয়ারি বড় মহেশখালী ইউনিয়নের মহাড়াপাড়া এলাকায় জেলা যুবলীগ সদস্য নুরুল আবছারের দুই পায়ের রগ কেটে দুচোখ উপড়ে নেয় প্রতিপক্ষের লোকজন।
মহেশখালী থানার ওসি আলমগীর হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জালাল ও আইয়ুব নামের দুটি সন্ত্রাসী চক্রের বিরোধ রয়েছে।
এর জেরে সকালে আইয়ুব বাহিনীর লোকজন মোস্তফা কামাল পারভেজের উপর হামলা চালায়। পরে পুলিশ অস্ত্রসহ আহত পারভেজকে উদ্ধার করে।
তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলে জানান তিনি।
পারভেজের মা এনতাজ বেগম বলেন, পারভেজ বাজারে যাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ তাকে অপহরণ করে দুই চোখ উপড়ে ফেলে, বাম পায়ের রগ কেটে দেয় এবং হাত ও মাথায় কুপিয়ে জখম করে।
