আসামিকে রিমান্ডে না পাঠানোয় সড়কে প্রতিবাদ
মুন্সীগঞ্জে আওয়ামী লীগ নেতা মোবারক ও যুবলীগ নেতা রফিক হত্যা মামলার প্রধান আসামি শাহাবুদ্দিন খান বাবুকে রিমান্ডে না পাঠানোর প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
শনিবার বেলা ১১টার দিকে বৃষ্টির মধ্যেই নিহতদের স্বজন ও এলাকাবাসী মানববন্ধনের পর মহাসড়কের মাওয়া এলাকায় অবরোধ করে।
এসময় মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়। প্রায় সোয়া ঘণ্টা বন্ধ থাকার পর প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয় বলে লৌহজং থানার ওসি তোফাজ্জল হোসেন জানান।
আইন বিভাগের উচ্চ পদস্থ এক কর্মকর্তার নাতি এই খুনের ঘটনায় আসামি থাকায় বাবুকে রিমান্ডে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিক্ষোভকারীদের।
নিহত যুবলীগ নেতা রফিকের স্ত্রী হ্যাপি বেগম বলেন, “সাহাবুদ্দিন বাবু একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে চলেছে। সর্বশেষ আমার স্বামী রফিককেও খুন করল। তার উপযুক্ত বিচার হওয়া দরকার।আর ন্যায় বিচারের স্বার্থে বাবুকে পুলিশ রিমান্ডে দেওয়াও প্রয়োজন।”
রফিকের পাঁচ বছরের মেয়ে রাইসা মায়ের সঙ্গে মানববন্ধনে অংশ নিয়ে বাবা হত্যার বিচার দাবি করে।
মোবারক হোসেনের মেয়ে ও মামলার বাদী ওয়াহিদা খান দিয়া বলেন, “পুলিশ আমার বাবার হত্যামামলার যথাযথ অভিযোগপত্র দেয়নি। আমি ১০ জনকে আসামি করলেও মাত্র তিনজনকে আসামি করেছে পুলিশ।”
দিয়া দাবি করেন, ২০০১ সালের ১৭ অক্টোবর মতিঝিলে নিজের কার্যালয়ে মাওলানা আব্দুল কাদের হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিলেন তার বাবা। আর সেজন্য তাকেও খুন করা হয়।
লৌহজং উপজেলার দেনী মন্ডল ইউপির ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোবারক হোসেন খান ও লৌহজং উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি শাহাবুদ্দিন খান বাবু দীর্ঘ দিন পালিয়ে থেকে গত ১ জানুয়ারি মুন্সীগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন।
গত ৬ জানুয়ারি পুলিশ আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে থাকা অবস্থায় গত শনিবার রাতে বাবুর স্বীকারোক্তি মতে গোয়েন্দা পুলিশ লৌহজং থানা পুলিশের সহযোগিতায় তার বাড়ি থেকে একটি দেশীয় তৈরি রিভালবার উদ্ধার করে।
বৃহস্পতিবার পুলিশ ওই দুই হত্যা মামলায় বাবুকে আরও ১০ দিনের রিমান্ডে চায়। কিন্তু আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নার্গিস ইসলাম বাবুকে দ্বিতীয় দফা পুলিশি রিমান্ডে না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এতে এলাকাবাসী এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মহাসড়কে নেমে আসে।
