চট্টগ্রামে ‘অবরোধের আগুনে’ দগ্ধ রিকশাচালক
বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে চট্টগ্রাম নগরীতে এক রিকশাচালক দগ্ধ হয়েছেন, যাকে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে তার সঙ্গী বলেছেন।
আহত ফজলুর রহমানের (৫২) শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক মিশমা সুলতানা জানিয়েছেন।
মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া জানান, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে নীলক নামে এক ব্যক্তি আহত ফজলুরকে হাসপাতালে নিয়ে আসেন।
তার কিছুক্ষণ আগে নগরীর আকবর শাহ থানার কর্নেল হাট এলাকার বিশ্ব কলোনী রাস্তার মাথায় ফজলুরের ওপর পেট্রোল বোমা হামলা হয় বলে জানান নীলক।
কর্নেল হাট থেকে রিকশা নিয়ে বাসায় ফেরার পথে ফজলুর রহমান হামলার শিকার হন বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে আকবর শাহ থানার ওসি আব্দুল মজিদ বলেছেন, “আহত রিকশা চালক তার ওপর কোন জায়গায় হামলা হয়েছে তা পরিস্কার করে পুলিশকে জানাতে পারেনি।”
তার বর্ণনা অনুযায়ী ঘটনাস্থলে গিয়ে কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।
এদিকে আগের কয়েক দিনের মতো শুক্রবার রাতেও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিরসরাই, সাতকানিয়া, লোহাগাড়া ও পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সারা রাত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) নাঈমুল হাসান বলেন, অবরোধে নাশকতা ঠেকাতে অভিযান চালিয়ে তাদের ধরা হয়েছে।
এদের মধ্যে পাঁচজন জামায়াত ইসলামী ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের এবং তিনজন বিএনপি কর্মী বলে জানান তিনি।
