অকৃত্রিম বন্ধুকে হারাল দেশ: রাষ্ট্রপতি
বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রেরণাদায়ী অনেক গানের স্রষ্টা গোবিন্দ হালদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক শোকবাণীতে তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধের সময় তার লেখা গান মুক্তিযোদ্ধাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল। তার মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধুকে হারাল।”
মুক্তিযুদ্ধে অবদানের জন্য জাতি চিরদিন গোবিন্দ হালদারকে স্মরণ করবে বলে মন্তব্য করেন তিনি।
প্রয়াত এই শিল্পীর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান রাষ্ট্রপতি।
শনিবার সকালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোবিন্দ হালদার।
গত ২২ ডিসেম্বর ভারত সফরের সময় ওই হাসপাতালে গোবিন্দ হালদারকে দেখতে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতারে সম্প্রচারিত গোবিন্দ হালদারের অনেক গান মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করত।
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’-কালজয়ী এই গানের স্রষ্টা গোবিন্দ হালদার।
‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল’, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’র মতো সাড়া জাগানো মুক্তিযুদ্ধের গানেরও রচয়িতা তিনি।
