২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিভাগে রবি ও সোমবার হরতাল

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত যুবককে দলের কর্মী দাবি করে রোববার থেকে রাজশাহী বিভাগে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 08:31 PM

Updated : 12 Oct 2022, 03:10 PM

পুরনো খবর:

কানসাটে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১, বিএনপির হরতালের ডাক

শুক্রবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল একথা জানান।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় হরতালের ডাক দেওয়ার পর সন্ধ্যায় রাজশাহীতে বিএনপির নেতৃবৃন্দ বৈঠক করেন।

ওই বৈঠকে বিভাগের ৮ জেলায় আগামী রোববার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

২০ দলীয় জোট এ হরতাল পালন করবে বলে জানান মেয়র বুলবুল।

শুক্রবার ভোর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মতিউর রহমান (৩৫) নামে এক যুবক নিহত হন। বিএনপি তাকে নিজেদের কর্মী বলে দাবি করছে।

এর আগে ওই ঘটনায় জেলা বিএনপি রোববার চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছিল।

নিহত মতিউর শিবগঞ্জের বাজিতপুর গ্রামের উনসার আলীর ছেলে।

র‌্যাব বলছে, তিনি ওই এলাকায় হাতবোমা বিস্ফোরণ, ট্রাকে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের পিছনে ‘মূল ব্যক্তি’ হিসেবে কাজ করতেন।