তাহিরপুরে বিল দখলের সংঘর্ষে আহত ৩০
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিল দখল নিয়ে ইজারাদার ও তিনটি গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
শুক্রবার বিকালে টাঙ্গুয়ার হাওরের শালিয়ারদিগা বিলপাড়ে ইজারাদার আলী নূরের পক্ষের সঙ্গে কাউখালি, মাহমুদপুর ও গুলবাড়ি গ্রামবাসীর এ সংঘর্ষ হয়।
গুরুতর আহত টেটাবিদ্ধ ইজারাদার আলীনুর ও তার পক্ষের জলিল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, টাঙ্গুয়ার হাওরের মোয়াজ্জেমপুর-নোয়াগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আলীনুর এ বছর শালিয়ারদিগা বিলটি ইজারা নেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই জামাল বলেন, শুক্রবার বিকালে তিনি বিল দখল করতে গেলে স্থানীয় তিন গ্রামের বাসিন্দারা বাধা দেন। এ নিয়ে দুপক্ষের সংঘর্ষ বাধে।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। পরেপুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয় বলে জানান তিনি।
