২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বিএসএফ মহাপরিচালক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক ডি কে পাঠক বেনাপোল বিজিবি ক্যাম্প পরির্দশন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 07:11 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার বিকালে বাংলাদেশে প্রবেশকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ‘জিরো লাইনে’ বিএসএফের মহাপরিচালককে ফুলে দিয়ে অভ্যর্থনা জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল ইসলাম।

পরে তাকে বিশেষ নিরাপত্তা দিয়ে বেনাপোল বিজিবি কোম্পানি সদর দপ্তরে নিয়ে আসা হয়। সেখানে তাকে বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

এর আগে তিনি বেনাপোলের পুটখালি সীমান্ত পরিদর্শন করেন বলে জানান লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএসএফ মহাপরিচালক বিজিবি কোম্পানি সদরদপ্তরে এসে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

তিনি সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে বিজিবি কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য বৈঠকও করেন।

বিএসএফের নতুন ডিজি হিসেবে যোগদান করার পর তিনি ভারতীয় সীমান্ত পরিদর্শন করছেন। এরই অংশ হিসেবে শুক্রবার পেট্রাপোল সীমান্ত পরিদর্শন শেষে বেনাপোলে আসেন বলেন জাহাঙ্গীর হোসেন।

এ সময় বিএসএফ মহাপরিচালকের সঙ্গে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, উপ-মহাপরিচালক খুলনা সেক্টর কমান্ডার কর্নেল খলিলুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন।