বাগেরহাটে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে হত্যাসহ বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে হাতবোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়ছে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার আবু বক্কর (৩৫) ওরফে টিটো শরীফের বিরুদ্ধে হত্যাসহ অন্তত আটটি মামলা রয়েছে। তিনি পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী গ্রামের শামছুর রহমান শরীফের ছেলে।
তার কাছে একটি দেশে তৈরি পাইপগান, কয়েক রাউন্ড গুলি ও তিনটি হাতবোমা পাওয়া যায়।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমকে বলেন, টিটোর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধে মোরেলগঞ্জ থানায় অন্তত আটটি মামলা রয়েছে। এর কয়েকটিতে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তিনি পলাতক ছিলেন।
সম্প্রতি এলাকায় ফিরে সহযোগীদের নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় মোরেলগঞ্জ থানার এসআই মারফত আলী বাদী হয়ে টিটোর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন দুটি মামলা করেছেন বলে ওসি রফিকুল জানান।
