কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪
কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষিকাসহ চারজন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন বলে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ফয়েজুর রহমান জানান।
নিহতরা হলেন- কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষিকা তাহেরা বেগম (৪৫), তার মেয়ে তাসমিয়া ইসমাইল (২৫), বাসার কাজের মেয়ে কোহিনুর আক্তার (২৫) এবং মাইক্রোবাস চালক জয়নাল উদ্দিন।
তাহেরা বেগমের বাসা কক্সবাজার শহরের বদর মোকাম এলাকায়। আর জয়নাল উখিয়া উপজেলার হলদিয়াপালং এলাকার আলী আকবরের ছেলে।
আহতদের দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি সাত জনকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই মাইক্রোবাসের আরোহী।
এসআই ফয়েজুর বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী বাসটির সঙ্গে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর একজন এবং বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
