দ্বিতীয় দফা ইজতেমা শুক্রবার
বিএনপির ডাকা অবরোধে কড়া নিরাপত্তার মধ্যেই টঙ্গীর তুরাগ তীরে ২য় দফায় বিশ্ব ইজতেমার শুরু হচ্ছে শুক্রবার।
শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমায় যোগ দিতে দেশ-বিদেশের লাখো মুসল্লি এরই মধ্যে জড়ো হয়েছেন ইজতেমা ময়দানে।
বিশ্ব ইজতেমার মুরুব্বী গিয়াস উদ্দিন জানান, রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার ২য় পর্যায় শেষ হবে। এ পর্বে ৩৪টি জেলার মুসল্লিরা ৩৯টি খিত্তায় অবস্থান করে বয়ান শুনতে পারবেন।
ইতোমধ্যে প্রথম দফার পর ময়দানের সকল আবর্জনা-নোংরা পরিষ্কার করে নামাজ ও অবস্থানের উপযোগী করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
১৯৪৬ সাল থেকে বাংলাদেশে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। শুরুতে ইজতেমা হতো ঢাকার কাকরাইল মসজিদে। এরপর ১৯৪৮ সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে এবং ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়।
ইজতেমায় মুসল্লি বাড়তে থাকায় ১৯৬৬ সালে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়। এরপর থেকে এখানেই ইজতেমা হচ্ছে।
বিশ্ব ইজতেমার প্রস্তুতি সম্পর্কে মুরুব্বী গিয়াস উদ্দিন জানান, ১৬০ একরের ময়দানজুড়ে চটের সামিয়ানা টানানো হয়েছে। সাধারণ মুসল্লিদের রান্না-বান্নার স্থায়ী ব্যবস্থা গ্রহণ সম্ভব না হলেও মাঠের পশ্চিম-উত্তর কোনায় টিন শেডের উন্নত আবাসনে বিদেশি মুসল্লিদের রান্নার জন্য গ্যাসসহ বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ এবং আধুনিক সুবিধা রয়েছে।
২য় দফায় যেসব জেলা
১ ও ২ নং খিত্তায় নারায়ণগঞ্জ জেলা, ৩ ও ৪ নং খিত্তায় ঢাকা জেলা, ৫ নং খিত্তায় কক্সবাজার জেলা, ৬ নং খিত্তায় মানিকগঞ্জ জেলা, ৭ নং খিত্তায় পিরোজপুর জেলা, ৮ নং খিত্তায় পটুয়াখালী জেলা, ৯ নং খিত্তায় টাঙ্গাইল জেলা, ১০ নং খিত্তায় জামালপুর জেলা, ১১ নং খিত্তায় বরিশাল জেলা, ১২ নং খিত্তায় নেত্রকোনা জেলা, ১৩ নং খিত্তায় কুমিল্লা জেলা, ১৪ নং খিত্তায় মেহেরপুর জেলা, ১৫ ঝিনাইদহ, ১৬, ১৭ ও ১৮ নং খিত্তায় ময়মনসিংহ জেলা, ১৯ নং খিত্তায় লক্ষ্মীপুর জেলা, ২০ নং খিত্তায় ব্রাহ্মণবাড়িয়া জেলা, ২১ নং খিত্তায় কুড়িগ্রাম জেলা, ২২ নং খিত্তায় বগুড়া জেলা, ২৩ নং খিত্তায় পঞ্চগড় জেলা, ২৪ নং খিত্তায় চাপাইনবাবগঞ্জ জেলা, ২৫ নং খিত্তায় নীলফামারী জেলা, ২৬ নং খিত্তায় নোয়াখালী জেলা, ২৭ নং খিত্তায় ঠাকুরগাঁও জেলা, ২৮ নং খিত্তায় পাবনা জেলা, ২৯ নং খিত্তায় নওগাঁ জেলা, ৩০ ও ৩১ নং খিত্তায় মুন্সিগঞ্জ জেলা, ৩২ নং খিত্তায় মাদারীপুর জেলা, ৩৩ নং খিত্তায় গোপালগঞ্জ জেলা, ৩৪ নং খিত্তায় সাতক্ষীরা জেলা, ৩৫ নং খিত্তায় মাগুড়া জেলা, ৩৬ নং খিত্তায় কুষ্টিয়া জেলা, ৩৭ নং খিত্তায় সুনামগঞ্জ জেলা ও ৩৮ নং খিত্তা খুলনা, ৩৯নং খিত্তা মৌলভীবাজার জেলার মুসুল্লীরা অবস্থান নেবেন।
জোরালো নিরাপত্তা
ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে মাঠের চারদিকে পুলিশ, র্যাব, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন আর রশিদ জানান, ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তায় ৫টি সেক্টরে বিভক্ত হয়ে পুলিশ-র্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ স্থানে থাকছে বেশ কিছু সিসিটিভি, ৯টি ওয়াচ টাওয়ার, নৌ-টহল, চেকপোস্ট ও বোমা নিষ্ক্রিয়করণ দল।
র্যাবের হেলিকপ্টার টহলের পাশাপাশি খিত্তায় খিত্তায় মোতায়েন থাকবে সাদা পোশাকের র্যাব সদস্যরা।
