চট্টগ্রামে হাতবোমাসহ শিবিরকর্মী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীতে হাতবোমাসহ ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে কোতোয়ালি থানার আসকার দিঘীর পাড় সংলগ্ন সার্সন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াদ হোসেন (২২) হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্র বলে পুলিশ জানিয়েছে।
সন্ধ্যা থেকে সার্সন রোডের মুখে চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছিল পুলিশ।
নগর পুলিশের সহকারী কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সোয়া ৮টার দিকে ব্যাটারিচালিত রিকশায় চার যুবক আসকার দিঘী এলাকার দিকে আসার পথে তাদের থামার সংকেত দেয় পুলিশ।
“এসময় রিকশা দুটিতে থাকা যুবকরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে রিয়াদকে একটি ককটেলসহ গ্রেপ্তার করে।”
পুলিশ কর্মকর্তা রউফ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াদ স্বীকার করেছে যে সন্ধ্যার পর তারা বিভিন্ন দলে ভাগ হয়ে নগরীর বিভিন্ন এলাকায় রিকশা নিয়ে চলাচল করে এবং পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা চালায়।
তাকে আরও জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।
