দুই সচিব ও আইজিপিকে হাই কোর্টের শোকজ
ভোলার চরফ্যাশনে একটি কলেজে তালা ঝোলানোর ঘটনার ব্যাখ্যা দিতে শিক্ষা ও স্বরাষ্ট্র সচিবসহ আট জনকে আদেশ দিয়েছে হাই কোর্ট।
অন্যরা হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পুলিশের মহাপরিদর্শক, ভোলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার ও চরফ্যাশন থানার ওসি।
দুলার হাট কলেজের অধ্যক্ষ এ কে এম শাহে আলম খোকনের করা রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও মো. জাহাঙ্গির হোসেনের বেঞ্চ গত ১৫ ডিসেম্বর এ আদেশ দেয়।
এর একমাস পর বুধবার আদেশের একটি কপি পাওয়ার কথা নিশ্চিত করেছেন চরফ্যাশন থানার ওসি আবুল বাশার।
তিনি জানান, কলেজের তালা খুলে দিয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা গ্রহণসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেছেন তা পত্র পাওয়ার চার সপ্তাহের মধ্যে বিবাদীদের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
ওসি বলেন, হাইকোর্টের আদেশের একটি কপি পেয়ে বুধবার (১৪ জানুয়ারি) কলেজ অধ্যক্ষ তাকে (ওসি) এর সত্যায়িত কপি দেন।
এরপর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তিনি কলেজ পরিদর্শনে যান।
কলেজের অধ্যক্ষ এ কে এম শাহে আলম খোকন জানান, কলেজ ওসি আসার সংবাদ পেয়ে সন্ত্রাসীরা কলেজের মূল ফটক থেকে তালা খুলে নিয়ে যায়।
অধ্যক্ষ জানান, উপজেলার আওয়ামী লীগকর্মী ও চর তোফাজ্জল গ্রামের মোস্তাফা কামাল তাকে ইংরেজি বিষয়ের প্রভাষক নিয়োগের জন্য চাপ দেন।
কিন্তু তিনি তা না করায় গত ১ ডিসেম্বর মোস্তফা কামাল ও তার ভাই নিরবের নেতৃত্বে ১৫/২০ জন যুবক অধ্যক্ষের কক্ষ ভাংচুর করে এবং কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। এতে কলেজে সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়।
তালা ঝোলানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলো নির্বাহী অফিসারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবেদন করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তাই তিনি হাই কোর্টে রিট পিটিশন করেন বলে জানান।
