২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াজ রহমানকে কেবিনে স্থানান্তর

অবস্থার উন্নতি ঘটায় হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজ রহমানকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 09:01 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

মঙ্গলবার রাতে হামলায় আহত রিয়াজের গুলির জখমের ক্ষতস্থান পরিচর্যার পর তাকে পোস্ট অপারেটিভ কক্ষে রাখা হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

রিয়াজ রহমানের মেয়ে আমিনা রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবার জ্ঞান ফিরেছে, উনাকে কেবিনে নেওয়া হয়েছে। তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন, চিকিৎসকরা সার্বক্ষণিক তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন।”

রিয়াজ রহমানের পাশে সার্বক্ষণিক আছেন তার স্ত্রী নার্গিস রহমান, মেয়ে আমিনা রহমান, জামাতা আরসানাল কুদ্দুস ও ছোট ভাই ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান।

বেশ কয়েকজন সাবেক কূটনীতিক, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা হাসপাতালে এসে সাবেক পররাষ্ট্র সচিব রিয়াজ রহমানের  স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়ে গেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ও নজরুল ইসলাম খান কেবিনে গিয়ে সাবেক প্রতিমন্ত্রী রিয়াজকে দেখে আসেন।

মঙ্গলবার রাতে গুলশানে অবরুদ্ধ কার্যালয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বাসায় ফেরার পথে গুলশান দুই নম্বরের কাছে রিয়াজ রহমানকে গুলি চালানোর পর তার গাড়ি জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের মধ্যে রিয়াজ রহমানের ওপর হামলা হয়। এই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডাকে এই জোট।

রিয়াজের ওপর হামলাকারীদের এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ। এনিয়ে আওয়ামী লীগ-বিএনপি পারস্পরিক দোষারোপের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, হামলাকারীদের খুঁজে বের করা হবে।